পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম মোস্তফা। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আবু আশ্রাফ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া সংঘর্ষ সন্ধ্যা পর্যন্ত চলে। এতে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার থেকে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা, পাল্টাপাল্টি ধাওয়া, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শনিবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সভা শেষে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় এক সংবাদকর্মীকে লাঞ্ছিত ও তাঁর ক্যামেরা ভাঙচুরের অভিযোগ ওঠে। পুলিশ সুপার জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা আটক নেই।